১০ কেজি বোমা কাঁধে ছুটল পুলিশ, প্রাণ বাঁচল ৪০০ শিশুর

সাগর (মধ্যপ্রদেশ), ২৭ অগাস্ট : কাঁধে ১০ কেজি ওজনের বোমা। দৌড়ে চলেছেন একজন পুলিশকর্মী। জীবনের ঝুঁকি নিয়ে। বেপরোয়া। জীবন বাঁচাতে হবে যে! শেষপর্যন্ত তাঁর এই সাহসীকতায় প্রাণ বাঁচল ৪০০ স্কুল পড়ুয়ার। আর এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই পুলিশকর্মীকে বাস্তবের বাহুবলি বলা শুরু হয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগর জেলার চিতোরা গ্রামে।ঘটনার সূত্রপাত ১০০ নম্বরে আসা একটি ফোন থেকে। কাঁপা কাঁপা গলায় ওপার থেকে কেউ একজন বলে, স্যার স্কুলে বোমা আছে। কোনওরকমে স্কুলের ঠিকানা লিখে নিয়ে হেড কনস্টেবল অভিষেক প্যাটেল বেরিয়ে পড়েন। সাগর জেলার চিতোরা গ্রামের ওই স্কুলে গিয়ে দেখতে পান গুজব নয়, সত্যি। ১০ কেজি ওজনের এক বিশাল বোমা রয়েছে স্কুল চৌহদ্দিতে। সঙ্গে সঙ্গে স্কুল বন্ধ করে পড়ুয়াদের বের করে দেওয়া হয়। অভিষেকবাবুর মাথায় তখন একটাই কথা ঘুরতে থাকে। যে করেই হোক বোমাটা ফাটতে দেওয়া যাবে না। কিন্তু বম্ব রিফিউজ় করার কোনও ব্যবস্থাই তখন হাতের কাছে মজুত নেই।
৪০০ স্কুল পড়ুয়ার প্রাণ বাঁচাতে তখন কোনওদিকে না তাকিয়ে বোমা কাঁধে তুলে দৌড় লাগান অভিষেক। এক কিলোমিটার দৌড়ে বোমাটা নিয়ে গিয়ে ফেলেন বসতি নেই এমন এক জায়গায়। হেড কনস্টেবলের এমন ফিল্মি অ্যাকশন দেখার পর অভিষেকবাবু যেন পড়ুয়াদের চোখে বাহুবলি। আর টম হ্যাঙ্কসের ভক্তদের হয়তো মনে পড়ছিল ফরেস্ট গাম্পের কথা। অভিষেকবাবু তখন পুলিশের এক হেড কনস্টেবল থেকে বহু মানুষের হিরো হয়ে গিয়েছেন।
ঘটনার পর অভিষেক প্যাটেল সাংবাদিকদের বলেন, “সেসময় আমার একমাত্র লক্ষ্য ছিল বোমাটা স্কুল চত্বর ও বসতি থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে।” তবে স্কুলের মধ্যে এত বড় বোমা কোথা থেকে এল। কে বা কারা এই বোমা এখানে রেখেছিল সেসব জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আর সাহসিকতার জন্য হেড কনস্টেবল অভিষেক প্যাটেলকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন IG সাগর সাক্সেনা।

১০ কেজি বোমা কাঁধে ছুটল পুলিশ, প্রাণ বাঁচল ৪০০ শিশুর ১০ কেজি বোমা কাঁধে ছুটল পুলিশ, প্রাণ বাঁচল ৪০০ শিশুর Reviewed by Dhuliyan City on 07:36 Rating: 5

No comments:

Powered by Blogger.